**ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি: নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন**
* ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
* নিয়ামতুল্লাহ মুনিম সভাপতি এবং জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
* নির্বাচনে আট সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
* নির্বাচনের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ঘোষণা করেন।
**ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।**
এতে আল ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিম সভাপতি এবং অ্যানভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিয়ামতুল্লাহ দৈনিক খবরের কাগজ এবং জুয়েল ডেইলি অবজারভারের ইবি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আট সদস্যের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন – সহসভাপতি মোর্শেদ মামুন (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল হাসান ফারহান (দিনকাল), অর্থ সম্পাদক জামাল উদ্দিন (শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক তানিম তানভীর (রাইজিং বিডি), প্রচার সম্পাদক আবু উবায়দা (বাসস) এবং কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান (ইত্তেফাক)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে সংগঠনটির সাবেক সভাপতি সুজা উদ্দিন ও ইমরান শুভ্র দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, “আমাকে নির্বাচিত করায় ইবিসাসের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে অগ্রজদের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
নবনির্বাচিত সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “আমার উপর আস্থা রাখায় ইবিসাসের সকল সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।”