**খেজুরের রস খেয়ে ফেরার পথে কিশোর নিহত, আহত ২**
* টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।
* নিহত কিশোর তাওহীদ (১৫) উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।
* শনিবার (৭ ডিসেম্বর) সকালে নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
* দুর্ঘটনায় আহত আরও দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমে ভোরে উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে বিভিন্ন এলাকা থেকে মানুষ যান। শনিবার ভোরেও রামপুর এলাকা থেকে ৯ জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে সেখানে যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকুটিয়া বেইলি ব্রিজের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাওহীদ নিহত হয় এবং দুজন গুরুতর আহত হয়।
নিহত তাওহীদ বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহত দুজন একই গ্রামের জিহাদ এবং হাসান।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, ৯ জন ছেলে তিনটি মোটরসাইকেলে খেজুরের রস খেতে যায়। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।