**উপ-অ্যাটর্নি জেনারেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার**
* উপ-অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদকে বিএনপি তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ ফিরিয়ে দিয়েছে।
* ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।
* তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর রাতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।
* ময়মনসিংহ-৪ (সদর) আসনে দল তাকে মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
**উপ-অ্যাটর্নি জেনারেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার**
বিএনপির সদস্যপদ ফিরে পেয়েছেন উপ-অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। দল আশা করে, তিনি এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।
এর আগে, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে, ২০২৩ সালের ৬ মার্চ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের অনুরোধ জানান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্রমতে, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহ নগরীর চূড়খাই এলাকার বাসিন্দা। তিনি বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন। তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
এ বিষয়ে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত। তিনি দলের যেকোনো কর্মকাণ্ড বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ময়মনসিংহ-৪ (সদর) আসনে দল তাকে মূল্যায়ন করবে।
