রাজউক এশীয় টাউনস্কেপ পুরস্কার লাভ করেছে

**রাজউক এশীয় টাউনস্কেপ পুরস্কার লাভ করেছে**

* রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এশীয় টাউনস্কেপ অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে।
* হংকংয়ের জিরো কার্বন পার্কে আয়োজিত অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান এই সম্মাননা গ্রহণ করেন।
* হাতিরঝিল ও বেগুনবাড়ি খালের সমন্বিত উন্নয়ন প্রকল্পের জন্য রাজউক এই পুরস্কার পেয়েছে।
* ‘লেক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে প্রকল্পটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
* এই প্রথম ঢাকা শহর এশীয় টাউনস্কেপ অ্যাওয়ার্ডে সম্মানিত হলো।

**রাজউক এশীয় টাউনস্কেপ পুরস্কার লাভ করেছে**

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এশীয় টাউনস্কেপ অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হংকংয়ের জিরো কার্বন পার্কে অনুষ্ঠিত এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এই সম্মাননা গ্রহণ করেন।

রাজউকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যানের সঙ্গে স্থাপত্য প্রতিষ্ঠান ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’-এর পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মো. ইসতিয়াক জহির উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, এ বছর বিশ্বব্যাপী শহুরে পরিবেশ, নান্দনিকতা, জনজীবন ও প্রতিবেশগত স্থিতিশীলতায় অবদান রাখা ৭২টি প্রকল্পের মধ্য থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে চূড়ান্তভাবে পুরস্কৃত করা হয়েছে।

ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের নকশাকৃত রাজউকের প্রকল্প ‘ইনট্রিগেটেড ডেভেলপমেন্ট অব হাতিরঝিল এরিয়া অ্যান্ড বেগুনবাড়ি খাল’ এই পুরস্কার লাভ করে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পকে ‘লেক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই প্রথম ঢাকা শহর এশীয় টাউনস্কেপ অ্যাওয়ার্ডে সম্মানিত হলো। এর আগে বাংলাদেশ তিনবার এই পুরস্কার পেলেও তা ঢাকা শহরের কোনো প্রকল্পের জন্য ছিল না।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতিরঝিল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঢাকার নগর কাঠামো, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জন বিনোদনমূলক অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়নক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *