কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
* বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
* বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
* নিহত সুলেমান (২২) মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
* ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
**বাহুবলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত**
হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুলেমান (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বড়গাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলেমান উপজেলার সুয়াইয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে। তিনি মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সুলেমান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বড়গাঁও গ্রামে নানার বাড়ি থেকে বাড়ির পথে ফিরছিলেন। এ সময় শ্রীমঙ্গলগামী একটি ট্রাক বড়গাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুলেমান মারা যান।
বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) বি. এম সাদ্দাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
