**মেহেন্দিগঞ্জে বৃদ্ধের খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার**
* মেহেন্দিগঞ্জের মেঘারচর পাতাবন থেকে শহীদ (৬৫) নামে এক বৃদ্ধের খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
* প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধকে হত্যা করা হয়েছে।
* নিহত শহীদ হোগলা পাতার ব্যবসা করতেন এবং ২২ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন।
* গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
* মরদেহটি পচন ধরা অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
**মেহেন্দিগঞ্জে খণ্ডিত ও ক্ষতবিক্ষত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার**
বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ (৬৫) নামে এক বৃদ্ধের থেঁতলানো মুখ, বিচ্ছিন্ন হাত ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচর নামক পাতাবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহীদ খা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। তিনি হোগলা পাতার ব্যবসা করতেন। মরদেহের অবস্থা দেখে পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানাতে পারেনি। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে খবির হোসেন জানান, তার বাবা ২২ দিন আগে গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচরে হোগলা পাতা কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি জানান, গত তিন দিন ধরে বাবার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে নম্বর দিয়ে এতদিন যোগাযোগ করতেন, সেটি বন্ধ পাচ্ছিলেন তারা। এতে তারা চিন্তিত হয়ে পড়েন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন চরে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এসআই জহিরুল ইসলাম ও এসআই সুজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের ভাষ্যমতে, মরদেহটি তিন-চার দিন আগের এবং এতে পচন ধরেছে।
অন্যদিকে, শহীদের সঙ্গে পাতা কাটতে যাওয়া সালাউদ্দিন এই ঘটনার বিষয়ে কাউকে কিছু বলছেন না। মরদেহ উদ্ধারের পর সালাউদ্দিন অসুস্থ দাবি করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখমণ্ডল থেঁতলানো ছিল, হাত বিচ্ছিন্ন এবং পেট কাটা ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।
