**আওয়ামী লীগ নেতার কারাগারে মৃত্যু**
* টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান মিয়া নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
* বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
* সুলতান মিয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে দুই চোখ অন্ধ হয়ে যাওয়া এক ব্যক্তির মামলায় আসামি ছিলেন।
* প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন।
**টাঙ্গাইল প্রতিনিধি:** টাঙ্গাইলের মির্জাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে মারা গেছেন। বুধবার (২৭ নভেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে এবং তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানান, সুলতান মিয়া রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর পুলিশ সুলতান মিয়াকে গ্রেপ্তার করে। তিনি প্রায় এক মাস ধরে টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন এবং বুধবার রাতেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
