বিএনপি প্রার্থীর গাড়িতে আগুন, ৪ জন দগ্ধ

**বিএনপি প্রার্থীর গাড়িতে আগুন, ৪ জন দগ্ধ**

* নরসিংদীতে বিএনপি প্রার্থীর গাড়িবহরে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছেন।
* ঢাকা-সিলেট মহাসড়কের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
* প্রাইভেটকারটি চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়।
* দগ্ধদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

**নরসিংদী প্রতিনিধি:**

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি প্রার্থীর বহরে থাকা একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। চট্টগ্রামের নারকেলতলা এলাকায় একটি জনসভায় অংশগ্রহণের কথা ছিল তাঁর। বিকেল ৪টার দিকে তাঁদের বহনকারী গাড়িবহর মাধবদী এলাকার দিকে যাওয়ার সময় শেখেরচর বাসস্ট্যান্ডের ‘হোটেল এক্স’-এর সামনে বহরের একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়।

গাড়িতে থাকা চারজন দ্রুত নামতে সক্ষম হলেও সাইফুল ইসলাম শান্তি, ফরহাদ আহমদ হিলালী, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান অগ্নিদগ্ধ হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করে।

মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, “বিকেলে মহাসড়কে একটি প্রাইভেটকারে আগুন জ্বলছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আগুনে ৪ জন দগ্ধ হয়ে হয়েছে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।”

এ বিষয়ে নেত্রকোনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “চট্টগ্রামে আমার একটি নির্বাচনী সভায় অংশ নিতে নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলাম। পথে বহরের একটি প্রাইভেটকার হিট হয়ে আগুন লেগে যায়। এসময় গাড়িতে থাকা চারজন দগ্ধ হয় ও গাড়িটি পুড়ে যায়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানোর পর সভায় অংশগ্রহণ করার জন্য বর্তমানে আমি চট্টগ্রামে পৌঁছেছি।”

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে দগ্ধরা ঢাকায় চিকিৎসাধীন। তাঁরা থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *