যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

**যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ**

* যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের তিন নেতাকে কেন্দ্রীয় যুবদল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
* তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
* এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।
* নোটিশপ্রাপ্ত নেতাদের আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

**পূর্ণাঙ্গ সংবাদ:**

**যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ**

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া এই নোটিশ প্রদান করেন।

শোকজ নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— যুবদলের শার্শা উপজেলা আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু।

নোটিশে উল্লেখ করা হয় যে, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও তারা জনসম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন। এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদলের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে।

নোটিশ অনুযায়ী, এ তিন নেতাকে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার স্পষ্ট ব্যাখ্যা দিতে আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেউ দলের ঊর্ধ্বে নয়। আমি শিগগিরই ঢাকায় কেন্দ্রীয় দপ্তরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, দল যশোর-১ আসনে সাবেক নেতা মফিকুল হাসান তৃপ্তিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। যেহেতু দল এখনো চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেনি, তাই তিনি প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেননি। তবে সাধারণ ভোটারদের ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট দিতে ও কাজ করতে বলেছেন। চূড়ান্ত প্রার্থী যে-ই হোক না কেন, তারা একসঙ্গে ধানের শীষের প্রতীকের পক্ষে মাঠে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শোকজপ্রাপ্ত অপর দুই নেতা মো. মফিজুর রহমান বাবু ও রায়হানুজ্জামান দিপুও এ বিষয়ে একই ধরনের বক্তব্য জানিয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের এই নোটিশের পর যশোর-১ সংসদ আসনে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *