সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

* চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিজিবি ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
* বিজিবি কর্মকর্তারা ধারণা করছেন, এসব অস্ত্র দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে চোরাচালান করা হচ্ছিল।
* আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
* উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করতে পারে এমন সম্ভাবনার প্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাগলা নদীর তীরবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ আসামিসহ ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *