**দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত**
* দক্ষিণ আফ্রিকার লিস্পুপুর শহরে বাংলাদেশি যুবক আমিনুল ইসলাম সিদ্দিকীকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
* নিহত আমিনুল ইসলাম সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন।
* তিনি ‘আকাশ সুপারশপ’ নামে একটি ব্যবসা পরিচালনা করতেন।
* স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
* প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা হবে বলে জানা গেছে।
**দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত**
দক্ষিণ আফ্রিকার লিস্পুপুর শহরে সন্ত্রাসীদের গুলিতে আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আজিজ সিদ্দিকীর মেজো ছেলে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে জীবিকার তাগিদে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি জিম্বাবুয়ে সীমান্তবর্তী লিস্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার দোকানে প্রবেশ করে কাছ থেকে মাথায় ছয় রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোরশেদ এলাহী অঞ্জন।
মির্জাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গোড়াইল গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ কালবেলাকে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে এক সপ্তাহের মধ্যে আমিনুলের মরদেহ দেশে আনা হবে।