**প্রবাসীদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আহ্বান**
* চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রবাসী তরুণদের দেশে ফিরে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
* তিনি বলেন, উন্নত বিশ্বে বসবাসকারী তরুণ প্রজন্ম অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী ধারণার সঙ্গে পরিচিত হচ্ছে।
* এই অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
* অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি প্রবাসে থাকা বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন মেয়র।
**পূর্ণাঙ্গ সংবাদ:**
**প্রবাসীদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান**
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের বাইরে বসবাসরত তরুণ প্রজন্ম উন্নত বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী ধারণার সঙ্গে পরিচিত হচ্ছে। তাদের এই অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশে ফিরে এসে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।
শনিবার (৬ ডিসেম্বর) মেরিন ফিশারিজ অ্যাকাডেমিতে চসিক কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এক প্রীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করার আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এজন্য প্রবাসী তরুণদের উৎসাহিত করতে হবে। তারা যেন বিদেশে কেবল কর্মজীবনে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি শেখে, জ্ঞান সঞ্চয় করে এবং সেই জ্ঞান নিজেদের মাটিতে প্রয়োগ করে জাতিকে এগিয়ে নিতে সহায়তা করে।
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে দেশের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি প্রবাসে থাকা মেধাবী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো প্রয়োজন বলেও জানান মেয়র শাহাদাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এবং সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।