ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বঙ্গোপসাগরে

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বঙ্গোপসাগরে
* গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ‘ডিটওয়াহ’ নামকরণ করা হয়েছে।
* এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
* চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
* গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়া অফিসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ০৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

পূর্বের ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *