খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, তারেক রহমানের কৃতজ্ঞতা
* বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন।
* বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
* প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
* বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার এই সৌজন্য ও মানবিক অনুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
* প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
**খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, তারেক রহমানের কৃতজ্ঞতা**
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এই বার্তা দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং তার সুচিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেছেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের বিবৃতিতে যে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে, সেজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।
