**আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত**
* আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
* বৈঠকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
* আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
* নির্বাচনের পূর্বে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
* সাতটি বিভাগীয় শহরে পূর্বঘোষিত সমাবেশ সফল করার প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং জনতাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
**আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত**
আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনের পূর্বে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
আট দলের পূর্বঘোষিত দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ঘোষিত সমাবেশসমূহ সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানানো হয়। আশা প্রকাশ করা হয়, বিভাগীয় এই সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হবে।
