**হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯৪ জনের মৃত্যু, বহু নিখোঁজ**
* হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।
* গত ৬০ বছরের মধ্যে এটি হংকংয়ের অন্যতম প্রাণঘাতী অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছে চীনা প্রশাসন।
* এই ঘটনায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
* আগুন বাঁশের স্ক্যাফোল্ডিং ও নির্মাণ নেটিং থেকে সূত্রপাত হয় এবং সাতটি ভবনে ছড়িয়ে পড়ে।
* তিন নির্মাণ কর্মকর্তাকে গুরুতর অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
**হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯৪ জনের মৃত্যু, বহু নিখোঁজ**
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। চীনা প্রশাসন এটিকে গত ৬০ বছরের মধ্যে হংকংয়ের অন্যতম প্রাণঘাতী ও বিধ্বংসী অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চারটি ভবনে আগুন প্রায় নিয়ন্ত্রণে এলেও ওপরের তলাগুলোতে এখনো আটকে থাকা মানুষের সন্ধান করছে উদ্ধারকারী দল। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জন নিখোঁজ ব্যক্তির তালিকাভুক্ত করা হয়েছিল, তবে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এই সংখ্যা আপডেট করা হয়নি।
স্থানীয় বাসিন্দা লরেন্স লি জানান, তার স্ত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, আগুন লাগার পর তিনি স্ত্রীকে বের হতে বললেও করিডোর ধোঁয়ায় ভরে যাওয়ায় তিনি আবার ফ্ল্যাটে ফিরে যেতে বাধ্য হন। ইন্দোনেশিয়ার নাগরিক ইয়ায়ুকও তার বড় বোন শ্রী-ওয়াহিউনির সন্ধান পাননি। তিনি জানান, রাতভর ঘুম হয়নি এবং সকালে কনস্যুলেটে গিয়ে হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেলে বাঁশের স্ক্যাফোল্ডিং ও নির্মাণ নেটিং থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে সাতটি ভবনে। কর্তৃপক্ষের ধারণা, ভবনের বাইরের কিছু উপকরণ অগ্নিরোধক মান পূরণ করেনি, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিন নির্মাণ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগে ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যার সন্দেহে তদন্ত চলছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মাণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার জানিয়েছে, বড় ধরনের সংস্কার কাজ চলা সব আবাসিক ভবন তাৎক্ষণিকভাবে পরিদর্শন করা হবে এবং ধাপে ধাপে বাঁশের স্ক্যাফোল্ডিং নিষিদ্ধ করা হবে।
হংকংয়ের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কাউন্সিল জানিয়েছে, শহরে প্রায় ২,৫০০ নিবন্ধিত বাঁশ স্ক্যাফোল্ড কর্মী রয়েছে এবং ২০১৮ সাল থেকে এই কাজে ২৩ জনের মৃত্যু হয়েছে।
ওয়াং ফুক কোর্টের প্রায় দুই হাজার ফ্ল্যাটে চার হাজার ৮০০ মানুষ বসবাস করতেন। বাসিন্দাদের অনেকেই প্রবীণ। ১৯৮০-এর দশকে নির্মিত এই কমপ্লেক্সে বর্তমানে বড় ধরনের সংস্কার প্রকল্প চলছিল।
সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ কোটি হংকং ডলার (৩৮ দশমিক ৬ মিলিয়ন ডলার) সাহায্য তহবিল ঘোষণা করেছে। পাশাপাশি শাওমি, শিয়াওপেং, জিলিসহ চীনের বহু কোম্পানি এবং জ্যাক মা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
